টিকটকের মতো শর্ট ভিডিও অ্যাপ আনছে অপো

৭ সেপ্টেম্বর, ২০২০ ১৬:১৯  
নিজস্ব শর্ট ভিডিও প্লাটফর্ম আনার পরিকল্পনা নিয়েছে চীনভিত্তিক স্মার্টফোন নির্মাতা অপো। টিকটকের মতো নিজস্ব একটি প্লাটফর্ম চালু করতে কার্যক্রম জোরালো করেছে প্রতিষ্ঠানটি। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট অপোর দুই শীর্ষ নির্বাহীর বরাতে এমন তথ্য জানানো হয়েছে। খবর সাউথ চায়না মর্নিং পোস্ট। অপোর শর্ট ভিডিও প্লাটফর্ম নিয়ে এখনো বিস্তারিত তথ্য জানা যায়নি। বিশ্বের পঞ্চম শীর্ষ স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি চলতি বছরের শেষদিকে নিজস্ব শর্ট ভিডিও প্লাটফর্মের আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে। অপোর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো না হলেও প্রতিষ্ঠানটির এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট জিমি ই সম্প্রতি এক সাক্ষাত্কারে বলেন, চলতি বছরের দ্বিতীয়ার্ধের মধ্যেই তারা নিজেদের শর্ট ভিডিও তৈরি এবং শেয়ারের সোস্যাল মিডিয়া প্লাটফর্ম উন্মোচন করবে। প্রতিবেদন অনুযায়ী, বাস্তবিক অর্থেই অপো যদি শর্ট ভিডিও তৈরির প্লাটফর্ম চালু করে, তা হবে চীনভিত্তিক প্রথম কোনো প্রতিষ্ঠান, যার ডিভাইস ব্যবসার পাশাপাশি সোস্যাল মিডিয়া খাতেও উপস্থিতি থাকবে। অপোর এমন সিদ্ধান্ত অ্যান্ড্রয়েড ডিভাইস নির্মাতাদের মধ্যে বেশ আশ্চর্যজনক মনে হবে বলে মনে করা হচ্ছে। এর আগে চীনভিত্তিক শাওমিও ডিভাইস ব্যবসার পাশাপাশি সেবা ব্যবসার পরিকল্পনা নিয়ে বেশ জোরেশোরেই কার্যক্রম শুরু করেছিল।